ভালোবাসার মানুষটি প্রতারণা করছে? বুঝে নিন বিজ্ঞানের সাহায্যে
নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে সন্দেহে ভুগছেন? মনে হচ্ছে সে আর এখন আপনাকে আগের মতো ভালোবাসে না? মনে হচ্ছে তার মনোযোগ চলে গেছে অন্য কারো দিকে? কী করবেন এখন আপনি? মনের এই সন্দেহ ঠিক না ভুল সেটা জানার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করেন। কেউ কেউ সঙ্গীর ফোন বা ল্যাপটপ হাতড়ে দেখেন অন্য কারো সাথে মিষ্টি মিষ্টি বাক্য বিনিময় হচ্ছে কিনা, অন্য কারো ছবি আছে কিনা। কেউ কেউ বন্ধু-বান্ধবের সাথে কথা বলেও বের করার চেষ্টা করছেন তার অজান্তে কিছু চলছে কিনা। কিন্তু এত কিছু না করে বরং আপনি বিজ্ঞানের সাহায্যই নিতে পারেন। সঙ্গীটি আপনাকে ফেলে অন্য কারো হাত ধরার চিন্তা করছে কিনা, তা জানার উপায় খুঁজে বের করেছেন গবেষকেরা। এভল্যুশনারি সাইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়, সঙ্গীর কণ্ঠস্বর শুনেই আপনি বলে দিতে পারবেন তিনি কি আপনার সাথে প্রেমে প্রতারণা করছেন কিনা।
গবেষণার লেখক সুজান হিউস এবং মারিসা হ্যারিসন জানান, কী কথা বলা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং তার ব্যাপারে অনেক কিছু বলে দেবার জন্য তার কণ্ঠস্বর শোনাই যথেষ্ট। তারা ১৫২ জন শিক্ষার্থীর ওপর এই গবেষণা করেন। তাদের মাঝে ৬৪ জন পুরুষ এবং ৮৮ জন ছিল নারী, এবং তারা সবাই ছিলেন হেটেরোসেক্সুয়াল বা বিষমকামী। তাদের বয়স ছিল ১৮-৩২ বছরের মাঝে।
গবেষণার জন্য তাদেরকে রেকর্ড করা কিছু মানুষের গলার স্বর শুনতে দেওয়া হয় এবং অনুমান করতে বলা হয় এসব মানুষ সম্পর্কে প্রতারণা করেছেন কী করেননি। যাদের কণ্ঠস্বর রেকর্ডে ছিল তারা সবাই সম্পর্কে জড়িত ছিলেন এবং রেকর্ডে তারা এক থেকে ১০ পর্যন্ত গুনছিলেন। এটুকু থেকেই অনুমান করতে বলা হয় তারা কি তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত ছিলেন, নাকি ছিলেন না।
আরো বলে রাখা জরুরী, যাদের কণ্ঠ রেকর্ড করা হয়েছিল তাদের অর্ধেক বলেছিলেন তারা অতীতে কোনো না কোনো সময়ে সম্পর্কে প্রতারণা করেছিলেন। আর বাকি অর্ধেক কখনো তা করেননি।
গবেষণার ফলাফল থেকে দেখা যায় যে, আসলেই যারা প্রতারণা করেছিল, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের কণ্ঠস্বর থেকেই ধরে ফেলতে পারে এই ব্যাপারটা। গবেষকেরা জানান, কিছু কিছু ব্যাপার এক্ষেত্রে সিগন্যাল হিসেবে কাজ করে। যেমন কিছু কিছু এক্সট্রোভার্ট মানুষের মাঝে প্রতারণা করার প্রবণতা বেশি দেখা যায়, তাদের কথার মাঝে বিরতি কম থাকে এবং কণ্ঠস্বর ওঠানামা করতে দেখা যায় বেশি।
সূত্র: IFLScience
No comments