হাথুরুসিংহের কোচের দায়িত্ব ছাড়ার 'রহস্য' ফাঁস!


দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর কোনো কারণ না দেখিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন চন্ডিকা হাথুরুসিংহে। এরইমধ্যে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন।

বিসিবির সাথে বিদায়ী সাক্ষাৎকার করতে শনিবার ঢাকায় আসেন তিনি।

হাথুরুসিংহে কেন দায়িত্ব ছেড়েছেন সে বিষয়ে ধোঁয়াশায় ছিল বিসিবি। এ নিয়ে স্পষ্ট করে কিছু তারা জানাতে পারেনি আগে। শনিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই হাথুরুসিংহের একটা অসন্তুষ্টি ছিল।

এখানে খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না?

এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না!

বিসিবি প্রধান আরও জানান, দক্ষিণ আফ্রিকায় আরো কিছু ঘটনা ঘটেছিল। পাশাপাশি সফরে আমাদের পুরো খেলা, পারফরম্যান্স, মানসিকতা নিয়ে হাথুরুসিংহে অত্যন্ত হতাশ।

সে কখনো চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরনের একটা খেলা খেলতে পারে।

তার ভাবনাতেই ছিল না।

অনুরোধ করে ফেরানো যেত না- এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, সিদ্ধান্ত যেহেতু ও নিয়ে ফেলেছে তার মানে এই দলের প্রতি তার আগের মতো কোনো ফিলিংস নাই। যার ফিলিংস নেই তাকে আমরা সাধতে যাব কেন?

উল্লেখ্য, ২০১৪ সাল দু’বছর মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে আবারও তার মেয়াদ বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে।

তবে নির্দিষ্ট সময়ের আগেই নিজের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। এরপর গত ৮ ডিসেম্বর নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেন।

No comments

Powered by Blogger.