সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়? দেখা করার আগে মাথায় রাখুন এগুলো
অনলাইনে পরিচয়, সেখানেই মন দেওয়া-নেওয়া শেষ! না, ভুল হয়ে গেল, এখন আর এমন কথার শেষে বিস্ময়বোধক চিহ্ন মানায় না। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডেটিং সাইট ও অ্যাপগুলো আর সবকিছুর মতোই জায়গা কেড়ে নিয়েছে কিউপিডের। কিন্তু এই মন দেওয়া-নেওয়ার মাঝেও মনের কোনায় একটা ‘কিন্তু’ ‘কিন্তু’ ভাব থেকেই যায়। অনলাইনের মানুষটি বাস্তবেও অমন তো? নাকি সবই মিথ্যা!
এই খুঁতখুঁতে ভাব দূর করতে অনেকেই বনে যান খণ্ডকালীন গোয়েন্দায়। বাস্তবে দেখা করার আগে অনলাইনেই আরেকটু গবেষণা করে নেন। গোপনে সঙ্গীর অনলাইন কার্যক্রম অনুসরণ করেন। অনেকের চোখেই এটা বাড়াবাড়ি, কিংবা অন্যের ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। কিন্তু সত্য হলো, শতকরা ৭৫ ভাগ নারী এবং ৫৯ ভাগ পুরুষই বাস্তবে দেখা করার আগে এই বাড়তি কাজটা করে নেন। কারণ, পরে পস্তানোর আগে আগেই সাবধানী হওয়া ভালো।
চলুন দেখে নেওয়া যাক, অনলাইনে পরিচিত কারও সঙ্গে দেখা করার আগে যা যা করা উচিত—
ইনস্টাগ্রাম দেখুন
অনেক ডেটিং অ্যাপই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংযুক্ত করতে বলে। পছন্দের ব্যক্তি এতটুকু ‘কষ্ট’ যখন করলই, তখন তার ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে তো সমস্যা নেই! আর এতেও যদি কোনো সুবিধা করতে না পারেন তবে অন্য পথও খোলা থাকছে। ট্যাগ দেওয়া হয়েছে—এমন ছবি খুঁজে বের করুন। তাদের ইনস্টাগ্রামের সর্ব ডানে একেবারে ওপরের আইকনে ক্লিক করলেই পেয়ে যাবেন ট্যাগ হওয়া সব ছবি। নিশ্চিত থাকুন, ট্যাগ হওয়া ছবি থেকে একটু হলেও ধারণা পাবেন পছন্দের ব্যক্তি সম্পর্কে।
দেখুন কাদের অনুসরণ করে, কী পছন্দ তার
ইনস্টাগ্রামে চেষ্টা করলে আপনার ‘হলেও হতে পারে ভালোবাসার মানুষটি’ কাদের অনুসরণ করে, সেটা খুঁজে বের করা যায়। টুইটারে তো কী পছন্দ, কাকে অনুসরণ করে, সেটা টের পাওয়া যায় অনায়াসে। একজন কাকে অনুসরণ করছে, অনলাইনে কোন ধরনের পেজে আগ্রহ তার—এসব থেকেই ভালো ধারণা পাওয়া যায়।
ফেসবুকে খুঁজে বের করুন তাদের
ফেসবুকে কাউকে খুঁজে বের করতে চাইলে তাদের নামের শেষ অংশও এখন দরকার হয় না। শুধু নামের প্রথম অংশ, শহর, স্কুল অথবা প্রতিষ্ঠানের নাম দিয়েই খুঁজে নেওয়া যায় অধিকাংশ মানুষকে। আর সার্চ বারে কারও নাম লিখে বাঁ দিকে থাকা অপশন দিয়ে ফিল্টার করে নিলেই সঠিক ব্যক্তিকে খুঁজে নিতে পারবেন।
আর এভাবেও ব্যর্থ হলেও ‘মিউচুয়াল ফ্রেন্ডের’ মাধ্যমে খুঁজে নিন তাকে। যদি আপনাদের মিউচুয়াল ফ্রেন্ডের নিরাপত্তাব্যবস্থা ভালো না হয়, তাহলে তার বন্ধু তালিকায় গিয়ে পছন্দের মানুষের নাম দিয়ে খুঁজে নিন। আরেকটু নিশ্চিত হতে চাইলে নামের বানানটি একটু ওলট-পালট করে দেখুন অথবা তার প্রিয় কোনো তারকার নাম যুক্ত করে খুঁজুন।
ছবি দিয়ে গুগলে খুঁজুন!
পড়েই বিরক্তিতে মুখ বাঁকাচ্ছেন? এতটা বাড়াবাড়ি! কিন্তু অনুসরণ করার খেলায় যখন নেমেছেন, তখন সর্বোচ্চ পর্যায়ে যাওয়াই ভালো। গুগলের ইমেজ খোঁজার অপশনে গিয়ে ক্যামেরা আইকনে ক্লিক করুণ। এবার পছন্দের ব্যক্তির ফেসবুক কিংবা টুইটারে কিংবা ডেটিং অ্যাপের ছবিটা আপলোড করুন। সে ক্ষেত্রে অনলাইনে থাকা তার অন্য সব ছবিও দেখার সুযোগ মিলবে। কে জানে, অফিসে তোলা কোনো ছবি কিংবা কোনো কনসার্টে তোলা তার কোনো ছবি পেয়েও যেতে পারেন!
ইউজারনেমটা কাজে লাগান
ফেসবুক প্রোফাইল থেকে তাদের ইউজারনেমটা (ইউআরএলে / চিহ্নের পরেই থাকে) জেনে নিন। এবার সেই ইউজারনেম ব্যবহার করুন সবখানে। সবখানে মানে সবখানে—টুইটার, ইনস্টাগ্রাম, টাম্বলার, পিন ইন্টারেস্ট, রেডিট, ইউটিউব!
সঠিকভাবে ব্যবহার করুন গুগল সার্চ
কোনো কিছু খুঁজতে চাইলে সেই নামের সামনে-পেছনে কোট-আন কোট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ রাজ নামে কাউকে খুঁজতে চাইলে ‘রাজ+স্থান+অন্য কোনো তথ্য’ দিয়ে খুঁজুন। আকাঙ্ক্ষিত ফল পাবেন।
সর্বশেষ, লিংকডিন!
এ ওয়েবসাইট পেশাগত কাজে ব্যবহার করা হয়। কিন্তু এ ওয়েবসাইটকেও আপনার কাজে ব্যবহার করতে পারেন। লিংকডিনেও গিয়ে তার পেশাদার জীবন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তার ইতিবাচক দিকগুলো সম্পর্কে জানতে পারবেন। কোনো তথ্য মিথ্যা কি না, সেটাও জানতে পারবেন। তবে একাজে নিজের আইডি ব্যবহার না করাই ভালো। কারণ, লিংকডিনেও কারও প্রোফাইল দেখলে সেটা ওই ব্যক্তিকে জানানো হয়। সুতরাং গোপনে অনুসরণ আর ‘গোপন’ থাকবে না!
ব্যস, এবার শুরু করে দিন আপনার গোয়েন্দাগিরি। আর অনলাইন থেকেই পছন্দের ব্যক্তি সম্পর্কে জেনে নিন যা জানা সম্ভব!
(তথ্যসূত্র: প্রথম আলো)

No comments