'ফাস্ট বোলিংয়ে ভাল করতে ভারতের আরও সময় লাগবে'


সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আকতারের সাথে ভারতীয় ব্যাটসম্যানদের দ্বৈরথের কথা তো সবারই জানা। নিজের সময়ের অন্যতম সেরা পেসার ছিলেন। আর গতিতে ছিলেন ভয়ংকর। ১০০ মাইলের ব্যারিয়ার পেরোনো প্রথম পেসারও এই ডানহাতি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চলমান দক্ষিণ আফ্রিকা সফরের দিকে বেশ নজর রাখছেন শোয়েব। সেখানে পেসাররা ভালো করলেও তার মতে ভারতীয়দের আরও সময় লাগবে পেস আক্রমণে দক্ষতা আরও বাড়াতে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজে প্রথম দুটি ম্যাচই হেরেছে ভারত। তবে দলটির পেস ডিপার্টমেন্ট যথেষ্ট ভাল করেছে। প্রথম টেস্টের দুই ইনিংস ও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের অল্প রানে বেধে রাখতে ভুবনেশ্বর-শামিরাই বড় ভূমিকা রেখেছেন। ভারতের চার পেসার ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা ও ইশান্ত শর্মা মিলে দুই টেস্টে নিয়েছেন ২৭ উইকেট।

প্রোটিয়াদের মাটিতে দলটির বিপক্ষে শোয়েবের রেকর্ডও তেমন চোখ ধাঁধানো কিছু নয়। চার টেস্টে তিনি উইকেট নিয়েছেন ১১টি। একবার নিয়েছেন ৫ উইকেট। তবে এই গতিদানব মনে করেন ভারতের আরও উন্নতির জায়গা আছে, 'আমি বলব, ওরা ধীরে ধীরে উন্নতি করছে। নিজেদের ভাল ফাস্ট বোলিং জাতি হিসেবে দাঁড় করানোর জন্য আরও অপেক্ষা করতে হবে।'

সব বোলারের যথাসময়ে পারফর্ম করতে না পারা ভারতের ব্যর্থতার কারণ বলে মনে করেন শোয়েব, 'পাঁচ বছর আগে ভেবেছিলাম বরুণ আরোন, উমেশ যাদব ও মোহাম্মদ শামি দেশের বাইরে পেস আক্রমণে নেতৃত্ব দেবে। তবে আরোনের ফিটনেসের সমস্যা এবং যাদবের অধারাবাহিকতায় তা হয়নি।'

টেন্ডুলকার-দ্রাবিড়দের বল হাতে একসময় চ্যালেঞ্জ জানানো শোয়েব মনে করেন ভারত এখনও ব্যাটিং নির্ভর দল। সেখান থেকে পেস বোলিংয়ে ভাল করতে সময় লাগবে।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.