চর্বি নাকি শর্করা: কোনটি কম খাওয়া উচিত?
ডায়েট করতে গিয়ে কেউ বলেন, চর্বি কম অর্থাৎ লো-ফ্যাট খাবার খাওয়া উচিত। কেউ মত দেন, ওজন কমাতে বরং শর্করা কম আছে এমন খাবার অর্থাৎ লো-কার্ব খাওয়া উচিত। এ নিয়ে গবেষণায় চমকপ্রদ ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা। দেখা যায়, লো-ফ্যাট বা লো-কার্ব দুটোর কোনোটাই একে অপরের চাইতে উপকারী নয়। ডায়েট করতে গেলে দুটোই একই ধরনের কাজ করে।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দি জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণার তথ্য। ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এই গবেষণার খরচ দেয়।
গবেষণায় দেখা যায়, আপনি লো-ফ্যাট অথবা লো কার্ব যে ধরনের খাবারই বেছে নেন না কেন, এতে আপনার ওজন একইভাবে কমবে। অর্থাৎ আপনি যদি ভাবেন লো ফ্যাট ডায়েটে ওজন কমছে না, লো কার্ব ডায়েটে কমবে, তাহলে আপনি হতাশ হবেন। একটি ডায়েট আপনার জন্য কাজ না করলে অন্যটিও করবে না।
এর পাশাপাশি জেনেটিক প্যাটার্ন বা শরীরে ইনসুলিনের মাত্রা কোনোটাই এই ফলাফলে প্রভাব ফেলে না বলে দেখেন তারা।
গবেষণার লেখক, প্রফেসর অব মেডিসিন ক্রিস্টোফার গার্ডনার জানান, একই ডায়েট ব্যবহারে একজন মানুষ দারুণ ফল পেতে পারেন, আবার আরেকজনের ক্ষেত্রে তা একেবারেই অকার্যকর হতে পারে। এক্ষেত্রে ডায়েট পরিবর্তন করে তেমন লাভ হবে না।
অতীতের গবেষণায় দেখা গেছে, একজন মানুষের জেনেটিক প্যাটার্ন, তার শরীরের ইনসুলিন লেভেল এবং মাইক্রোবায়োম তার ওজন কমানোর পেছনে ভূমিকা রাখে। নতুন এই গবেষণাতেও তাই জেনেটিকস এবং ইনসুলিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।
দেখা যায়, একজন মানুষের জেনেটিকস বা শরীরে ইনসুলিনের মাত্রা যেমনই হোক না কেন, এই দুই ধরনের ডায়েটে একই ফলাফল পাওয়া যায়।
এই গবেষণা করা হয় ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬০৯ জন মানুষের ওপর। এর অর্ধেক ছিলেন পুরুষ এবং অর্ধেক নারী। তাদেরকে প্রথমেই লো ফ্যাট এবং লো কার্ব এই দুই দলে ভাগ করে ফেলা হয়। প্রতিটি দলকে বলা হয়, এক বছরের জন্য লো ফ্যাট বা লো কার্ব ডায়েট মেনে চলতে। গবেষণা শুরুর আগেই তাদের জিনোম সিকোয়েন্স করা হয় এবং ইনসুলিন টেস্ট করা হয়েছিল।
তাদেরকে বলা দেওয়া হয়, শুধু লো ফ্যাট বা লো কার্ব খাবার নয়, এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তাদেরকে কাঁচাবাজারে গিয়ে টাটকা শাকসবজি কিনতে বলা হয়।
গবেষণার ১২ মাসের পর দেখা যায়, দুই গ্রুপেই অংশগ্রহণকারীরা গড়ে ১৩ পাউন্ড ওজন কমাতে সক্ষম হন। কেউ কেউ প্রায় ৬০ পাউন্ড ওজন কমিয়ে ফেলেন। কারো ওজন কমার বদলে ১৫-২০ পাউন্ড বেড়ে যায়। কিন্তু গড়ে দুই দলেরই ওজন কমার পরিমাণ ছিল ১৩ পাউন্ড।
গবেষক গার্ডনার বলেন, গড়ে একই পরিমাণ ওজন কমার কারণ সম্ভবত, লো কার্ব বা লো ফ্যাট উভয় ডায়েটেই একই ধরনের খাবার খেতে বলা হয়। কম চিনি, কম ময়দা এবং বেশি করে ফল ও সবজি খেতে বলা হয়। এ কারণেই একই রকমের ফলাফল পাওয়া যায়।
সূত্র: Science Daily

No comments