সুগন্ধী বাছুন ব্যক্তিত্ব বুঝে


পারফিউম বা সুগন্ধী হল ব্যক্তিত্বেরই একটি অংশ। আপনি সুগন্ধী ব্যবহারের আদব-কায়দা যত ভালো রপ্ত করতে পারবেন, আপনার ব্যক্তিত্বও তত অসাধারণ হয়ে ফুটে উঠবে। অনেকেই হয়তো আছেন, যারা সুগন্ধী খুব পছন্দ করেন৷ তাদের জন্য টিপস, সুগন্ধীর ভুল ব্যবহারে অন্যের সামনে অস্বস্তিতে পড়তেও হতে পারে৷ জেনে নেওয়া ভাল, কিভাবে সুগন্ধীর আদব কায়দা ও ব্যবহার বিধি আয়ত্তে আনবেন –

নিজের পছন্দেই সুগন্ধী কিনুন-
আপনি ব্যক্তিজীবনে যেমন, সুগন্ধি নির্বাচনের ক্ষেত্রেও সেরকমই প্রাধান্য দিন। যেকোনো সময় ও অভিজ্ঞতায় আপনি আসলে কেমন এবং কী ভালবাসেন, এটা জানা থাকলে মনে আনন্দের সঞ্চার ঘটে। সুগন্ধি নির্বাচনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। আপনি কি সতেজতা ও নির্মলতা ভালবাসেন বা মিষ্টি অথবা ফুলেল কোন কিছু ভালবাসেন কিংবা আপনি কি তীব্র ও ঝাঁঝালো ঘ্রাণ ভাল লাগে, তাহলে এমন কোন সুগন্ধির ব্র্যান্ডকে বেছে নিন, যা আপনার ব্যক্তিত্বকে জাগিয়ে তুলবে এবং আপনার আশেপাশে থাকা মানুষজনও তার আঁচ পাবে।
শুধুমাত্র উপহার হিসেবে পেয়েছেন বলে অথবা বন্ধুকে দেখে উৎসাহিত হয়েই একটি ব্র্যান্ড হুট করে কিনে ফেলবেন না। নিজে যেটা ব্যবহার করে তৃপ্তি পাবেন বলে মনে করেন, সেটিই বেছে নিন।

নিজেকে দিয়ে পরীক্ষা করুন-
সুগন্ধির সর্বশেষ উপাদান হল দৈহিক রসায়ন। অন্য কারো দেহে যে গন্ধ ভাল লাগে, আপনার দেহে তা নাও লাগতে পারে, এমনকি সে আপনার মা কিংবা বোন হলেও। আমাদের প্রত্যেকের দেহই আলাদা আলাদা রসায়নে তৈরি। আর ঠিক সে কারণেই বিশেষ একটি সুগন্ধি অন্যের দেহে যেভাবে কাজ করে, আপনার দেহে তা সেভাবে করবে না। কাজেই সুগন্ধি কেনার আগে নিজের ত্বকের ওপর পরীক্ষা করুন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন ফলাফলের জন্যে। ২০ মিনিটের চেয়ে বেশি সময় না লাগলে এটিই আপনার জন্যে পারফেক্ট পারফিউম হিসেবে নিজেকে প্রমাণ করবে।

সুগন্ধী চুলে লাগাবেন না-
সুগন্ধি বিশেষজ্ঞ সারাহ হরোউইটৎ-এর মতে, অনেক সুগন্ধি ব্যবহারকারীই চুলে সুগন্ধি মাখেন দীর্ঘসময় ধরে থাকার জন্য৷ সঠিক পদ্ধতি এটি নয়৷ কারণ, বাজারের বেশিরভাগ সুগন্ধিতেই অ্যালকোহল থাকে, আর অ্যালকোহল চুলকে শুষ্ক করে তোলে। যদিও চুল আমাদের ত্বকের তুলনায় সুগন্ধি ভাল ধরে রাখতে পারে। কারণ, দৈহিক তাপের কারণে সুগন্ধি আমাদের ত্বকে বেশিক্ষণ স্থায়ী হয় না। যদি আপনি চুল থেকেও আপনার প্রিয় সুগন্ধির মতো সৌরভ পেতে চান, তাহলে চুলে ভাল করে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন। এরপর দু’হাতে সুগন্ধি মেখে তালি দিন, যাতে অ্যালকোহলটুকু হাতের তাপে পুড়ে উধাও হয়ে যায়। এরপর চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিন।

সুগন্ধী কাপড়ে দেবেন না-
আমরা সাধারণত জামা-কাপড়ের ওপরেই সুগন্ধি লাগিয়ে নিই। আসলে কিন্তু এতে কোন লাভই নেই। কারণ, একটু পরই এ গন্ধ মিলিয়ে যায়, তা সে যত বিখ্যাত ব্র্যান্ডেরই হোক না কেন। সুগন্ধি মাখার নিয়ম হল, আপনার চারপাশে স্প্রে করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকুন, সেই গন্ধ আপনার গায়ে মেখে থাকবে। আর তাছাড়া হাতের কবজি, কানের লতি ও ঘাড়েও একটু স্প্রে করে নিতে পারেন। তাহলে গন্ধটা বেশিক্ষণ স্থায়ী হয়।

অতিরিক্ত সুগন্ধী লাগানো যাবে না-
অতিরিক্ত সুগন্ধি মাখার অভ্যাস থেকে থাকলে তা এখনই পরিত্যাগ করুন। কারণ, আপনার সুগন্ধির ঝাঁঝ অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালে তা আপনার ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর।

 (তথ্যসূত্র: কলকাতা২৪)

No comments

Powered by Blogger.