রোনালদোর ‘ত্যাগে’ অভিভূত জিদান


ক্রিস্তিয়ানো রোনালদো স্বার্থপর। সতীর্থদের পাস না দিয়ে নিজেই শট নেন। নিন্দুকেরা কতবারই এমন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রোনালদোকে। কিন্তু নিন্দুকদের এই অভিযোগ যে সত্যি নয়, তিনি যে স্বার্থপর নন, তার প্রমাণটা মাঠেই দিলেন রোনালদো। গতকাল শনিবার রাতে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার স্থাপন করলেন ‘ত্যাগ’-এর অনন্য এক দৃষ্টান্ত। রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়েও নিজে পেনাল্টি না নিয়ে শট নিতে দিলেন সতীর্থ করিম বেনজেমাকে।

রোনালদোর এই ‘ত্যাগ’ দেখে অভিভূত জিনেদিন জিদান। অভিভূত বিশ্ব ফুটবলপ্রেমী, এমনকি নিন্দুকেরাও। শনিবার রাতে আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচ ছিল রিয়ালের। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে ৬১ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ফেলেন রোনালদো। সঙ্গে গ্যারেথ বেলের গোল মিলিয়ে রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে।

স্কোরকার্ড এভাবে রেখেই ম্যাচ গড়াচ্ছিল শেষের দিকে। কিন্তু ৮৯ মিনিটে আবারও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে যায় রিয়াল। পায় পেনাল্টি। রিয়ালে পেনাল্টি নেওয়ার একচ্ছত্র অধিকার একমাত্র রোনালদোরই। দলের পাওয়া সব পেনাল্টিই তিনি নিয়ে থাকেন।

সেই একচ্ছত্র অধিকার তো আছেই, শনিবার রোনালদোকে পেনাল্টি নিতে ডাক ছিল অন্য একটা কীর্তি। পেনাল্টি থেকে গোল করতে পারলেই তিনি গড়ে ফেলতে পারতেন ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকের মাইলফলক। বরাবরই পেনাল্টি নেন যিনি, সেই রোনালদো এমন একটা কীর্তির সামনে দাঁড়িয়ে পেনাল্টি নেবেন এটাই ছিল স্বাভাবিক। প্রত্যাশিতও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোনালদো পেনাল্টি নেওয়ার জন্য ডাকলেন সতীর্থ বেনজেমাকে।

মৌসুমের শুরু থেকেই ফর্মখরায় ভুগছেন বেনজেমা। পুরো মৌসুমে লিগে করেছেন মাত্র ৩টি গোল। সাম্প্রতিক ফর্ম আরও খারাপ। চারদিকে বেনজেমার সমালোচনার ঝড়। রোনালদো তাই হ্যাটট্রিক মাইলফলকের হাতছানীকে উপেক্ষা করে গড়লেন ত্যাগের অবিশ্বাস্য নজির। নিজে পেনাল্টি না নিয়ে রোনালদো সতীর্থ বেনজেমার সামনে খুলে দিলেন আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার রাস্তা।

বেনজেমাও রোনালদোর ত্যাগের মূল্য দিয়েছেন। পেনাল্টি থেকে গোল করে দলের জয়ের ব্যবধানটা করেছেন ৪-০। ফরাসি ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করার পর প্রথমেই অভিনন্দন জানান রোনালদোকে।

এই তো কদিন আগেই হ্যাটট্রিক করার পরও পিএসজির হয়ে পেনাল্টি নিয়ে নিজ দলের সমর্থকদের দুয়ো হজম করেছেন নেইমার। ম্যাচে আগেই হ্যাটট্রিক করে ফেলেন নেইমার। এরপর পেনাল্টি পাওয়ায় স্বাভাবিকভাবেই দর্শকরা চাইছিলেন পেনাল্টিটা রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এডিনসন কাভানিকে নিতে দেওয়া হোক।

পেনাল্টি থেকে গোল করলেই জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারতেন কাভানি। পিএসজির সমর্থকরা তাই চাইছিলেন পেনাল্টিটা কাভানিই নিক। কিন্তু দর্শকদের সেই চাওয়াকে পাত্তা না দিয়ে নেইমার পেনাল্টিটা নেন নিজেই। গোল করার পরও তাই তার ভাগ্যে জুঠে নিজ দলের সমর্থকদের দুয়ো। সেখানে রোনালদো নিজে রেকর্ড গড়ার হাতছানী উপেক্ষা করে পেনাল্টি নিতে দিলেন বেনজেমাকে!

শুধু এই পেনাল্টি ‘ত্যাগ’ নয়। শনিবার রাতে সতীর্থ বেনজেমার প্রতি রোনালদোর সহানুভূতির প্রমাণ মেলে তার আগেও। ৪৪ মিনিটে রোনালদো দল ও নিজের প্রথম গোলটা করেন এই বেনজেমার পাস থেকেই। এই গোলের উদযাপন করতে গিয়ে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো রিয়াল সমর্থকদের ইশারার মাধ্যমে তাড়না দেন অসাধারণ অ্যাসিস্টের জন্য বেনজেমাকে অভিনন্দন জানানোর জন্য।

রোনালদোর এই ত্যাগে রিয়াল কোচ জিদান এতোটাই অভিভূত যে, ম্যাচ শেষে পর্তুগিজ তারকাকে ভাসিয়েছেন প্রশংসার বানে, ‘ক্রিস্তিয়ানো যে দৃষ্টান্ত স্থাপন করল, তাতে আমি মুগ্ধ। সত্যিই আমাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল দলীয় খেলা। ক্রিস্তিয়ানো ফুটবল এবং রিয়ালের দলীয় চেতনাটাই ফুটিয়ে তুলেছে। সত্যিই এটা অসাধারণ ব্যাপার। এর মাধ্যমে প্রমাণ করেছে, সে সত্যিকারের দলীয় খেলোয়াড়।’

শুধু কোচ জিদান নন, রিয়ালের অন্য খেলোয়াড়েরাও রোনালদোর কর্মে মুগ্ধ। গোলরক্ষক কেইলর নাভাস যেমন বলেছেন, ‘ক্রিস্তিয়ানোর এই ঘটনা রিয়ালের দলীয় চেতনাকেই ফুটিয়ে তুলেছে। এবং প্রমাণ করেছে মানুষ হিসেবে তিনি কেমন। ভাজকুয়েজ বলেছেন, ‘ক্রিস্তিয়ানো ও করিম মিলে সত্যিকার দলীয় চেতনাই প্রমাণ করেছেন।’

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.