নির্বাচনের আগে ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি
আগামী কয়েক মাসের মধ্যে প্রতিবেশী বাংলাদেশ ও ভুটান সফরে আসার পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর চলতি বছরই এ দুটি দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ভারতের একটি অনলাইন গণমাধ্যমে এ তথ্য জানান হয়। এতে বলা হয়েছে, নির্বাচনী বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য দিল্লির সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির প্রতীক্ষায় রয়েছে ঢাকা। তাই বছরের প্রথম অর্ধাংশে ওই সফরে আসার কথা নরেন্দ্র মোদির।
এই সফরে বাংলাদেশে ভারতের বিআরআই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্য থাকবে। এছাড়া, ভুটানে ভারত সমর্থিত একটি নতুন পাওয়ার প্রজেক্ট পরিকল্পনাধীন রয়েছে। তবে কখন আসছেন মোদি তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি যে বছরের প্রথম অর্ধাংশেই আসছেন এটা চূড়ান্ত। এ প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িত বা জানেন এমন সূত্রগুলো এ কথা জানিয়েছেন।
বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, চীন ইস্যুতে ‘স্মার্টভাবে’ কাজ করছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশে বেশ কিছু প্রজেক্টে কাজ করছে চীনা কোম্পানিগুলো। অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ২৩০০ কোটি ডলার বরাদ্দ করেছে চীন। কিন্তু তা এখনও গৃহীত হয়নি। এর কারণ, ভারতের উদ্বেগের বিষয়টি ঢাকার কাছে স্পর্শকাতর।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ। সেখানে ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্স সামিটে অংশ নেয়ার কথা তার। এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত ঢাকা সফরকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসেবে। কারণ, প্রত্যাশা রয়েছে যে, তিস্তার পানি বন্টন নিয়ে মোদি কোনো ‘মেকানিজম’ প্রস্তাব করতে পারেন। এই তিস্তার পানি বন্টন চুক্তিটি বাংলাদেশের জন্য একটি আবেগময় বিষয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে ঢাকা সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার দিল্লি সফরে গিয়েছেন।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস

No comments