কন্টাক্ট লেন্স ব্যবহারে এই ভুলগুলো করবেন না


শুধুমাত্র চশমার বিকল্প হিসেবে নয়, বর্তমানে স্টাইল ও ফ্যাশনের জন্যও অনেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন। তবে এক্ষেত্রে অনেকে নিজের অজান্তেই কিছু ভুল করে থাকেন। আর এসব অসাবধানতা বা ছোট একটু ভুলের জন্য হয়ে যেতে পারে দৃষ্টিহানির মত কঠিন সমস্যা অথবা চোখের রোগ। 

১। দীর্ঘসময় কন্টাক্ট লেন্স চোখে ব্যবহার করা
দীর্ঘসময় (১০ থেকে ১২ ঘন্টা) চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত নয়। এটি চোখের জন্য ক্ষতিকর। এটি চোখের কর্নিয়ায় অক্সিজেন পৌঁছাতে বাঁধা প্রদান করে। যার কারণে খুব সহজে চোখ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে।

২। লেন্সে সাধারণ পানি ব্যবহার করা
লেন্সে সরাসরি পানি দেয়া উচিত নয়। পানিতে অনেক মাইক্রো অরগানিজম থাকে যা পরবর্তীতে চোখের ক্ষতি করতে পারে।

৩। হাত না ধোয়া
অনেকে সময় স্বল্পতার জন্য অথবা আলসেমি করে লেন্স পরা বা খোলার সময় হাত ভালো ভাবে ধুয়ে নিতে চান না। ভালোভাবে হাত না ধোয়া হলে এই জীবাণু হাতের মাধ্যমে লেন্সে চলে যায় এবং পরবর্তীতে চোখের সমস্যা তৈরি করে। সুতরাং লেন্স ধরার আগে ভালোভাবে হাত ধুয়ে নেয়া প্রয়োজন।

৪। চোখ ব্যথা করলেও লেন্স ব্যবহার করা
চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করে যদি চোখ ব্যথা করে তবে সাথে সাথে তা খুলে ফেলুন। চোখকে কষ্ট দিয়ে লেন্স ব্যবহার করবেন না।

৫। চোখ পরীক্ষা না করা
কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে একবার কোনো চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা করে নিন। লেন্স ব্যবহারে চোখে জ্বালাপোড়া, চুলকানি, লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে।

৬। লেন্স পরে পানিতে যাওয়া
পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। তাই সাঁতার কাটার সময় লেন্স খুলে পানিতে নামা ভালো।

৭। কন্টাক্ট লেন্স পরে ঘুমানো
ভুলেও কন্টাক্ট লেন্স পরে ঘুমাতে যাবেন না। এটি চোখের ভেতর ইনফেকশন সৃষ্টি করে। লেন্স পরার কারণে কর্নিয়ায় অক্সিজেন প্রবেশ করতে পারে না যার কারণে খুব সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পড়ে।

সূত্র: বোল্ডস্কাই

No comments

Powered by Blogger.