ব্যস্ততার কারণে ভালোবাসার সম্পর্কটি যেন শেষ না হয়ে যায় ...
ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে সাজানোর জন্য, নিজের ভালো একটি ক্যারিয়ার তৈরি করার জন্য প্রচুর সময় ব্যয় করতে হয়। এর বাইরে থাকে নিজের পরিবার, বন্ধুদের সময় দেওয়া, নিজের ব্যক্তিগত কাজ করা এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার- নিজের ভালোবাসার মানুষটিকে সময় দেওয়া। অতিরিক্ত ব্যস্ততা শুধু যে নিজেরই থাকে তা কিন্তু নয়, সঙ্গী মানুষটারও রয়েছে নিজ ব্যস্ততা, নিজ কাজ, নিজ ক্যারিয়ার। উভয়ের এই ব্যস্ততার মাঝে ভালোবাসার সম্পর্কটা নিস্তেজ হয়ে পড়ছে না তো!
সকল দিকে খেয়াল তো রাখতেই হবে, তার সাথে ভালোবাসার মানুষটিকে সময় দিতে হবে, তার সাথে সময় কাটাতে হবে, তার পাশেও থাকতে হবে। কীভাবে সম্ভব? জেনে নিন খুবই চমৎকার কিছু উপায়, যা হাজার ব্যস্ততার মাঝেও ভালোবাসার সম্পর্ককে চমৎকার রাখতে সাহায্য করবে।
১/ একে অন্যের জন্য সময় বের করুন
একেবারেই গৎবাঁধা বুলির মতো মনে হলেও, ভেবে দেখুন তো একবার- নিজের ভালোবাসার মানুষটির জন্য কতটুকু সময় বের করতে পারেন আপনি? নিয়মিত কি যোগাযোগ হয় একে অন্যের অথবা দেখা হয় কি? দুইজনের ব্যস্ততার মাঝে থেকেও একে অন্যের জন্য সময় বের করতে হবে যেন দুইজনে মিলে খানিকটা ভালো সময় কাটাতে পারেন। ভালোবাসার মানুষটির জন্য খুব বিশেষ কিছু নয়, বাড়তি কিছুটা সময়, অপ্রত্যাশিতভাবে দেখা করাটাও অনেক কিছু।
২/ দুইজনে মিলে ঘুরতে বের হন
ব্যস্ততার মাঝে যেখানে দেখা করা অথবা নিয়মিত কথা বলাই হয়ে ওঠে না, সেখানে ঘুরতে বের হওয়াটা অনেক বেশী বাড়াবাড়ি মনে হতে পারে। তবে দুইজনে মিলে পরিকল্পনা করে কোন এক ছুটির দিনে সকালবেলা করে শহরের আশেপাশে থেকেই ঘুরে আসাটা কিন্তু খুব কঠিন কিছু নয়। এতে করে পারস্পরিক বোঝাপড়াটা অনেক মজবুত হয়।
৩/ জীবনের সবকিছুর সাথে সঙ্গীকে সাথে রাখুন
ভালোবাসার মানুষটিকে নিজের পরিবার, বন্ধু এবং অফিসের কলিগদের সাথে পরিচয় করিয়ে দিলে নিজের সকল কাজে এবং সকল অনুষ্ঠানে তাকে নিজের পাশে রাখাটা সহজ হয়ে যাবে। বন্ধুদের সাথে বেড়াতে গেলেও তাকে সাথে নিয়ে যেতে পারবেন অথবা পারিবারিক কোন অনুষ্ঠানে তাকে নিজের সাথেই রাখতে পারবেন। এতে করে আলাদা সময় বের করার করার প্রয়োজনীয়তা থাকবে না।
৪/ তার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করুন
অন্যান্য সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কটি খুব নাজুক এবং ভিন্ন হয়ে থাকে। এই সম্পর্ক থেকে সঙ্গী মানুষটি চায় নতুন একটা ভবিষ্যৎ। যে কারণে ভালোবাসার মানুষটির সাথে ভবিষ্যৎ এর পরিকল্পনা করুন, তার সাথে এই বিষয়ে কথা বলুন। সম্পর্কে থাকাকালীন সময়েই ভবিষ্যৎ এর জন্য দুইজনে মিলে সিদ্ধান্ত নিন, কী করতে চান একসাথে।
৫/ ভালোবাসার মানুষটিকে অগ্রাধিকার দিন
সকল কিছুর সাথেই এবং পাশাপাশি ভালোবাসার মানুষটিকেও নিজের জীবনে অন্যতম “প্রায়রিটি” করে ফেলুন। যার সাথে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করছেন তাকে নিজের জীবনে অন্য সকলের মাঝে থেকে অনেক বেশী অগ্রাধিকার দিতে হবে এটাই তো স্বাভাবিক! তাই নিজের সকল মতামত, সিদ্ধান্ত ভালোবাসার মানুষটির সাথে কথা বলে নিন, তাকে সাথে নিয়েই পরিকল্পনা করুন।
৬/ তার পছন্দের কোন কাজ করুন
সবসময় নয়, মাঝে মাঝে তাদের পছন্দের এবং প্রিয় কোন কাজ করুন যেটা কিনা আপনার নিজের পছন্দ নয়। যেমন: তার পছন্দের কোন বই পড়ে তাকে জানান কেমন লেগেছে আপনার, অথবা তার পছন্দের কোন সিনেমা দেখে ফেলুন। আরো ভালো হয় একসাথে কোথাও বের হলে তার পছন্দের খাবার খাওয়া অথবা তার পছন্দের কোথাও ঘুরতে যাওয়া।
৭/ ভালোবাসার মানুষকে মূল্য দিতে শিখুন
কোন কিছু অথবা কাউকে জীবন থেকে না হারানো পর্যন্ত আমরা তার মূল্য বুঝতে পারি না বলেই অনেক ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, গুরুত্বপূর্ণ মানুষকে আমরা নিজেদের অবহেলার কারণে হারিয়ে ফেলি। তাই নিজের ভালোবাসার সঙ্গী মানুষটা আপনার জীবনে কতোটা গুরুত্বপূর্ণ একজন সেটা বুঝতে শিখুন, তাকে মূল্য দিতে শিখুন। ভালোবাসার সম্পর্কটা কোন যাচ্ছেতাই ব্যাপার নয় যে, ইচ্ছে মতো পরিচালিত করলেও সেটা টিকে থাকবে। তাই সম্পর্কের মর্যাদা দিতে শিখতে হবে।
ব্যস্ততা সবার জীবনেই থাকবে। তবে তার মাঝে থেকেই খুঁজে নিতে হবে নিজের এবং ভালোবাসার মানুষটির জন্য কিছুটা সময়। কারণ সকল ব্যস্ততা ও অর্জন এর পাশাপাশি ভালোবাসার মানুষটিকে সবচেয়ে বেশী প্রয়োজন আপনার জীবনের প্রতিটি সময়ে।
সূত্র: Think Aloud
No comments