গরু/খাসীর মাংস দিয়ে শাহী ঢাকাইয়া বিরিয়ানী রেসিপি
আমরা ঢাকাইয়ারা যত দেশ-বিদেশের রান্নাই করি না কেন উৎসব পার্বনে নিজস্ব ঐতিহ্যবাহী রান্না থাকতেই হবে, আসছে ঈদ সুতরাং আপনার পছন্দের মেনুর সাথে আমাদের শাহী ঢাকাইয়া বিরিয়ানী আইটেমটি রাখতে পারেন, এর মনমাতানো স্বাদে আপনার খাওয়ার আনন্দ বেড়ে যাবে বহুগুনে আসুন দেখে নেই কিভাবে আমি অসম্ভব ফ্লেভারফুল এই শাহী ঢাকাইয়া বিরিয়ানী রান্না করে থাকি।
গ্রুপ- ক
- গরু/খাসীর মাংস ২ কেজি
- পেয়াজ কুচি ২ কাপ
- এলাচি ৮ টি
- বড়/কালো এলাচি ৩টি
- দারচিনি বড় ২ টুকরা
- কালো গোল মরিচ ১০/১২ টি
- লং/লবঙ্গ ৮টি
- তেজপাতা ৪/৫টি
- আলুবোখারা ১০টি
- পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
- টকদই ১ কাপ
- টমোটো কুচি ১/২ কাপ
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা ২ টেবিল চামচ
- শুকনো মরিচগুড়ো ১ টেবিল চামচ
- ধনিয়া গুড়ো ১ টেবিল চামচ
- জিরা বাটা ১ চা চামচ
- বেরেস্তা আধা কাপ
- জায়ফল, জয়ত্রী বাটা আধা চা-চামচ
- যে কোন বাদাম বাটা ১ টেবিল চামচ
- ১/২ কেজি আলু বড় টুকরো করে কাটা (লবন ও আদাবাটা দিয়ে ঘি তে ভেজে রাখতে হবে)
- কাঁচা মরিচ ৫/৬ টি
- লবন পরিমানমত
- তেল আধা কাপ
গ্রুপ-খ
- বাসমতি/কালোজিরা/চিনিগুড়ো চাল এক কেজি
- এলাচি ৭/৮টি
- দারচিনি বড় ২ টুকরো
- লং ৭/৮টি
- আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
- সাদা গোল মরিচ ৫/৬টিি
- শাহী জিরা ১ চা চামচ
- তেজপাতা ২/৩টি
- কিশমিশ ১২/১৫টি
- বেরেস্তা ১ কাপ
- ঘন লিকুইড দু্ধ ১ কাপ
- কাঁচা মরিচ ১২/১৫টি
- কেওড়া জল ২ টেবিল চামচ
- জাফরান এক চিমটি কেওড়া জলে ভেজানো
- লবণ পরিমানমত
- ঘি প্রায় এক কাপ( এক কাপ থেকে একটু কম দিন)
- ২ কাপ ক্যাপসিকাম কেটে ঘি তে ২/৩ মিনিট হালকা করে ভাজা
( আপনি ক্যাপসিকাম ছাড়া ও করতে পারেন, এটা দরকারী উপাদান না আমাদের ক্যাপসিকাম ভালো লাগে, তাই দিয়েছি)
প্রস্তুত প্রনালী
গ্রুপ ’’ক’’ এর তেল, আলু, কাঁচা মরিচ ছাড়া মাংসে সব কিছু একত্র করে মেখে ১ ঘন্টা রেখে দিন। এবার প্যান এ তেল গরম করে মাখানো মাংস দিয়ে কষিয়ে পরিমান মত পানি দিয়ে মাংস সিদ্ধ হবার জন্য ঢেকে দিন।
কিছুক্ষণ পর পর মাংস নেড়ে দিবেন না হলে এত মশলা থাকায় মাংসের পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে মশলাগুলো। মাংস সিদ্ধ হয়ে গেলে আলু আর কাঁচা মরিচ দিয়ে কষিয়ে একদম মাখা মাখা করে ফেলুন এবং নামিয়ে রাখুন।
গ্রুপ-খয়ের পর্ব
এবার চাল ধুয়ে পানিতে ১৫/২০ মিনিট ভিজিয়ে রাখুন। ১৫/২০ মিনিট পর চাল ঝরিয়ে রেখে পাতিলে ঘি দিন, ঘিতে একে একে এলাচি, দারচিনি, লং,তেজপাতা, আদা-রসুন বাটা, সাদা গোল মরিচ দিয়ে চাল দিয়ে দিন।
এবার ভালো করে চাল ভাজুন, চাল ভাজা হলে ফুটন্ত ৪ কাপ গরম পানি দিন, সাথে দুধ, লবন, শাহী জিরা দিয়ে দিন। বলক আসলে চুলা কমিয়ে ঢেকে দিন, পাতিলে নিচে তাওয়া দিয়ে দিন এতে করে পুড়ে/লেগে যাওয়ার সম্ভবনা থাকবে না, ১৫ মিনিট পর মাংস গুলো অল্প অল্প করে পোলাওয়ের সাথে মিশিয়ে দিয়ে কাঁচা মরিচ, কিশমিশ, কেওড়ার জল, ভেজানো জাফরান ও ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে আপনার বিরিয়ানীর হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে ২০/৩০ মিনিট দমে রাখুন।
২০/৩০ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদ দিয়ে।
টিপস
# বিরিয়ানী বেশি নাড়া চাড়া করবেন না তাহলে চাল ভাঙ্গবে না।
# একটু বড় পাতিলে রান্না করুন, নাড়তে সুবিধা হবে আর স্টিকি ভাব হবে না ঝরঝরে থাকবে বিরিয়ানী
# চালে লবন সাবধানে দিবেন কেননা মাংসে ও আলুতে লবন আছে।
No comments