নয়দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী জান্নাতুল


পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস অন্তরা নয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এ ছাত্রীকে খুঁজে বের করার ক্ষেত্রে কোনো কূল কিনারা বের করতে পারেনি পুলিশ। দুবাই প্রবাসী মফিদুল ইসলামের মেয়ে অন্তরা তার মা ও বোনের সঙ্গে পিরোজপুরের মুসলিম পাড়ায় বসবাস করে আসছিলো। 

অন্তরার পরিবার জানায়, ১৩ ডিসেম্বর বুধবার থেকে নিখোঁজ রয়েছে সে। তার মা শাহিদা ইয়াসমিন পিরোজপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে সন্দেহভাজন আসামী হিসেবে নাসির নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

পরিবার আরও জানায়, অন্তরা ওই দিন সকাল সাড়ে আটটায় সরকারি মহিলা কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাথে একাধিক লোক জড়িত থাকতে পারে। মোবাইল ফোনের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হলেও কিছুতেই সে মুখ খুলছে না।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, পুলিশের কাছে একটি বড় চক্রের এক হোতার নাম বলেছে ওই সন্দেহভাজন। সে অনুযায়ী পুলিশ চেষ্টা করে যাচ্ছে। 

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, মেয়েটিকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আশা করি আমরা তাকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হবো।

অন্তরার মা শাহিদা ইয়াসমিন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করবো না। মেয়েটিকে জীবিত ফেরত চাই। ওকে নিয়ে অনেক দূরে চলে যাবো।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, ‘খুব শিঘ্রই আমরা মেয়েটিকে উদ্ধার করতে পারবো। পুলিশের তরফ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।’

No comments

Powered by Blogger.